২১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
সৌদি আরবের বিরুদ্ধে মামলা করবে ইরান

সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থায় মামলা করার চিন্তা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

বার্তা সংস্থা আবনা : সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থায় মামলা করার চিন্তা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সম্প্রতি, মধ্যপ্রাচ্যে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার ঘটনার পর তেহরান এ কথা বলল।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম বলেন, “আমরা আইনগতভাবেই আন্তর্জাতিক সংস্থায় মামলা করব। এরইমধ্যে প্রাথমিক কাজ শেষ হয়েছে।”

তিনি জানান, “লেবানন ও ইয়েমেনে ইরানের দূতাবাস এবং কূটনীতিকের ওপর হামলার ঘটনায় সৌদি আরবের সম্পৃক্ততা নিয়ে তেহরান বিস্তারিত তথ্য যোগাড় করছে যাতে আইনগতভাবে এবং স্বচ্ছতার সঙ্গে এ মামলা করা যায়।”

মারজিয়েহ আফখাম আরো বলেন, লেবাননে ইরানি দূতাবাসে হামলার পর বৈরুত এ বিষয়ে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করছে। ইয়েমেনেও একই প্রক্রিয়া চলছে।

ধারণা করা হয়- মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাকফিরি সন্ত্রাসীদের হামলার পেছনে সৌদি আরবের আর্থিক ও আদর্শগত সমর্থন রয়েছে।